চার্বাক মতবাদ প্রাচীন ভারতের নিরীশ্বরবাদী মতবাদগুলোর মধ্যে অন্যতম। এটি একই সঙ্গে নিরীশ্বরবাদী, অনাত্মাবাদী এবং ভূতবাদী। এর আরেক নাম লোকায়ত মতবাদ। ভারতের প্রথম বস্তুবাদী চিন্তার প্রতিফলন ঘটেছিল চার্বাক মতবাদে। এই দর্শনের আরও একটি নাম বস্তুবাদী দর্শন। বৈদিক সাহিত্যে যে ছয়টি শ্রেণীর নাস্তিকের কথা বলা হয়েছে তাদের মধ্যে চার্বাক একটি। অন্য ৫টি হল : মাধ্যমিক, যোগাচার, সৌত্রান্তিক, বৈভাষিক ও দিগম্বর। প্রথমে প্রাচীন বস্তুবাদী মতবাদের নামটা নিয়ে একটু আলোচনা সেরে নেই। আগেই বলে রাখছি, আমি যে 'চার্বাক' শব্দটি লিখছি সেটা বাংলাতে এবং এর বাংলা উচ্চারণও 'চার্বাক'। কিন্তু সংস্কৃত ভাষায় এর উচ্চারণ হল 'চার্বাকা' (चार्वाक, Cārvāka) । অর্থাৎ এখানে চার্বাকের 'ক' এর নিচে কোন হসন্ত ব্যবহার হবে না। এখন আলোচননায় আসি। 'চার্বাক' শব্দটি কোথা থেকে এলো? অনেক দার্শনিকের মতে 'চারু+বাক্' থেকে চার্বাক কথাটি এসেছে। তাদের মতে, মানুষের স্বাভাবিক ভোগ প্রবৃত্তির কথা যে মতবাদে 'চারু' বা সুন্দরভাবে বলে, তাই চার্বাক। চার্বাক মতে, ইহ জগতেই সব কিছুর শেষ। মৃত্যুর পরে অন...